ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

বাগেরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় নতুন বাংলাদেশ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান।

by ABDUR RAHMAN
ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই তারা জনগণের দ্বারে এসেছেন। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চান, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি দেশ গঠনে জনগণের সহযোগিতা চায়।

তিনি বলেন, “আমরা তরুণ, আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের কথা তুলে ধরছেন। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও সেটি এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

শেখ পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ শেখ পরিবারের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে।

পথসভায় তিনি চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দেন এবং আগামী উপজেলা নির্বাচনে তার পক্ষে ভোট চান। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু। এছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জুনায়েদ আহমেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, নারী শক্তির নেত্রী আজবীন আরবিন নওশিন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে কয়েকজন বক্তা বলেন, “জান দেব, কিন্তু জুলাই দেব না।” তারা শেখ পরিবারের রাজনীতির সমালোচনাও করেন।

পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ