অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ৬টায় রাজধানীর মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর পশ্চিমের সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহফুজ আল হাবিব।

সভাপতির বক্তব্যে আদনান রাফি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে উত্থাপিত হামলার অভিযোগের তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো সংগঠন যদি অতীতের ফ্যাসিবাদী রাজনীতির ধারাবাহিকতা প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাকারিয়া আল ফারুকী বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা শুধু রাজনৈতিক পরিবর্তনের বিষয় নয়; বরং এটি ন্যায়বিচার, ইনসাফ, জবাবদিহিতা এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ সমাজকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কেউ যদি ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে নতুন করে স্বৈরাচারী প্রবণতা প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ, দফতর ও পাঠাগার সম্পাদক রবিউল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সাঈদ, নির্বাহী সদস্য মারুফ আহমদ তাজসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
বিজয় র্যালিটি মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

