অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, ডাকসুর সবচেয়ে বড় সফলতা হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সংঘাত ও সহিংসতামুক্ত রাখা। একই সঙ্গে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ ওসমান হাদী এবং জুলাই আন্দোলনকারীদের প্রতিবাদের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এক চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সাদিক কায়েম বলেন, “ডাকসুর সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভায়োলেন্সমুক্ত ক্যাম্পাস উপহার দেওয়া। অতীতে এই মধুর ক্যান্টিনেই শিক্ষার্থীদের ওপর দিনের পর দিন নির্যাতন চালানো হয়েছিল। আমরা সেই সংস্কৃতি থেকে ক্যাম্পাসকে বের করে আনতে পেরেছি।”
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের সিলসিলা বা ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, “শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলেছিলেন। একই সিলসিলায় কথা বলেছিলেন আমাদের মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারীরা।”
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডাকসু ভিপি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের গভীরভাবে অনুধাবন করা দরকার—বাংলাদেশের প্রকৃত শত্রু কারা আর মিত্র কারা।”
আয়োজিত চিত্রপ্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক মেয়াদে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে ক্যাম্পাসে অতীত সহিংসতার করুণ চিত্র নবীন শিক্ষার্থীদের সামনে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম এবং ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদসহ অন্যান্য ছাত্রনেতা ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্রশিবির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক।
আর/

