ঢাবিতে নেকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা হীনমানসিকতার প্রকাশ: জামায়াত নেত্রী নূরুন্নিসা সিদ্দীকা

ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের কটূক্তির তীব্র নিন্দা; প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদকে সাধুবাদ।

by ABDUR RAHMAN
ঢাবিতে নেকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা হীনমানসিকতার প্রকাশ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে ক্লাসরুমে হিজাব ও নেকাব পরিহিত এক ছাত্রীকে কটূক্তি এবং ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের শীর্ষতম বিদ্যাপীঠে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সরাসরি নারীর পোশাকের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নিজ পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করা এবং নিজস্ব ধর্মীয় বিশ্বাস লালন করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বিগত দিনের ট্যাগিং ও বুলিংয়ের অপসংস্কৃতি পেছনে ফেলে দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রগতিশীলতার দোহাই দিয়ে হিজাব কিংবা নেকাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযুক্ত শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের এমন মন্তব্য মূলত তার ব্যক্তিগত বিদ্বেষ ও ‘হিজাবোফোবিয়া’রই নগ্ন বহিঃপ্রকাশ।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেত্রী বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী চর্চা ও দৃষ্টিভঙ্গি চিরতরে উপড়ে ফেলতেই ছাত্র-জনতা অকাতরে জীবন দিয়েছে। তবে এত রক্ত ও আত্মত্যাগের পরও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদী মানসিকতার ধারক-বাহকেরা সক্রিয় রয়েছেন। একজন শিক্ষার্থীকে তার পোশাকের কারণে সন্ত্রাসী আখ্যা দেওয়া অত্যন্ত সংকীর্ণ ও হীন মানসিকতার পরিচয় বহন করে।

নূরুন্নিসা সিদ্দীকা অবিলম্বে ওই শিক্ষককে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যতে কোনো শিক্ষক যেন শ্রেণিকক্ষে এ ধরনের মন্তব্য করার দুঃসাহস না দেখান—তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। এ ছাড়া, অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়ে সহপাঠীর পাশে দাঁড়িয়ে যেসকল সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছেন, তাদের সাহসিকতারও প্রশংসা করেন তিনি।

শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, পোশাক বা ব্যক্তিগত পরিচয়ের কারণে কোনো শিক্ষার্থী যেন হেনস্তার শিকার না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ