ফেসবুকে ছড়িয়ে পড়ল যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও, তদন্তে সাংগঠনিক ব্যবস্থার ইঙ্গিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা; তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপজেলা যুবদলের।

by ABDUR RAHMAN
ফেসবুকে ছড়িয়ে পড়ল যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরিহিত জহুরুল ইসলাম সাগর একটি খাটের ওপর বসে আছেন। তার কাঁধে একটি শার্ট ঝোলানো ছিল। এ সময় অন্য একজন ফয়েল পেপারে গ্যাসলাইটের সাহায্যে তাপ দিচ্ছেন এবং জহুরুল একটি সরু পাইপের মাধ্যমে ধোঁয়া গ্রহণ করছেন।

স্থানীয়দের দাবি, জহুরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় এতদিন কেউ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস করেননি।

স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দলের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জহুরুল ইসলাম সাগরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর স্থান নেই। ভিডিওটি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জহুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ