চট্টগ্রামে নালা থেকে বস্তাভর্তি গুলির খোসা উদ্ধার, উৎস খুঁজছে পুলিশ

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নজরে আসে পরিত্যক্ত বস্তা; ঘটনার পেছনে কোনো অপরাধমূলক যোগসূত্র আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

by ABDUR RAHMAN
চট্টগ্রামে নালা থেকে বস্তাভর্তি গুলির খোসা উদ্ধার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি নালা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) বিকেলে বিএসআরএম সংলগ্ন ৫ নম্বর গলির বাংলাবাজার এলাকায়।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানায়, নালা পরিষ্কারের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা একটি পলিথিনে মোড়ানো বস্তা দেখতে পান। সন্দেহজনক মনে হওয়ায় সেটি খুলে বিপুল পরিমাণ গুলির অংশ দেখতে পেয়ে তারা দ্রুত বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া বস্তুগুলো ব্যবহারযোগ্য গুলি নয় বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, একটি পূর্ণাঙ্গ গুলির দুটি অংশ থাকে—কার্তুজের খোসা (কেসিং) এবং বুলেট বা প্রজেক্টাইল। উদ্ধার হওয়া বস্তায় এই দুই অংশের মধ্যে কেবল একটি অংশ, অর্থাৎ খালি কেসিং বা খোসা পাওয়া গেছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলির খোসাগুলো তাজা বা সদ্য ব্যবহৃত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে এগুলোর প্রকৃত উৎস এবং কীভাবে সেগুলো নালায় এসে পৌঁছেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশের ধারণা, পরিত্যক্ত এসব গুলির খোসা সেখানে কী উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল, এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ