সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে— মাওলানা মামুনুল হক

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস; রাজনৈতিক ও সাংবিধানিক দায়ের বিষয়েও প্রশ্ন তুলেছে দলটি।

by ABDUR RAHMAN
সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ আরও আগেই হওয়া উচিত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি রাষ্ট্রপতির পদে থাকার নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছিলেন বলে দাবি করেন তারা।

নেতৃদ্বয় জানান, ওই সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের অংশীজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল।

বিবৃতিতে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সে সময় বিএনপি রাজনৈতিক স্বার্থে সাহাবুদ্দিন চুপ্পুর পদে থাকার বিষয়ে অবস্থান নিয়েছিল। পরে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন বলেও দাবি করা হয়।

মামুনুল হক ও জালালুদ্দীন আহমদ আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে সাহাবুদ্দিন চুপ্পুর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে অসঙ্গতি ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে এমন বক্তব্য তার নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। পাশাপাশি এস আলম গ্রুপের ব্যাংকিং-সংক্রান্ত অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, শুধু পদত্যাগের মাধ্যমে দায় শেষ হয় না। অভিযোগগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার এবং জনগণের অধিকার ক্ষুণ্ন করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ কোনো রাজনৈতিক সমঝোতা নয়, বরং ন্যায়বিচার প্রত্যাশা করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ভবিষ্যতে যেন ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সে জন্য দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।

banner

এ জাতীয় আরো সংবাদ