পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান: ১১ ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত, উদ্ধার বিপুল বিস্ফোরক

খারান ও ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আইইডি তৈরির পৌনে তিন টনেরও বেশি বিস্ফোরক জব্দ; নিরাপত্তা বাহিনীর প্রশংসায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

by ABDUR RAHMAN
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

পাকিস্তানের অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানের দুটি পৃথক জেলায় সামরিক বাহিনীর গোয়েন্দাভিত্তিক অভিযানে অন্তত ১১ জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। গত ৬ ও ৭ সেপ্টেম্বর মধ্যরাতে পরিচালিত এসব অভিযানে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অকুস্থল থেকে আইইডি তৈরিতে ব্যবহারযোগ্য প্রায় ২.৯ টন মারাত্মক বিস্ফোরক উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন
banner

পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত বিবৃতির বরাতে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় খারান জেলায়। ৬ সেপ্টেম্বর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী সড়ক অবরোধ করে সাধারণ পরিবহন ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। এ সময় উভয় পক্ষের তীব্র বন্দুকযুদ্ধে আটজন সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়।

পরদিন ৭ সেপ্টেম্বর ওয়াশুক জেলায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো এই হামলায় সন্ত্রাসীদের একটি প্রধান আস্তানা পুরোপুরি ধ্বংস করা হয় এবং গোলাগুলিতে আরও তিনজন সন্ত্রাসী প্রাণ হারায়। পরে ওই আস্তানা থেকে ২.৯ টন আইইডি তৈরির কেমিক্যাল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী।

আইএসপিআর-এর দাবি, নিহত এসব সন্ত্রাসী ভারতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ বা ‘ফিতনা-উল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সক্রিয় সদস্য। অঞ্চলটিকে পুরোপুরি শত্রুমুক্ত করতে এখনো তল্লাশি অভিযান জোরদার রাখা হয়েছে। এদিকে সফল এই অভিযানের জন্য দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি যৌথভাবে পাকিস্তান সেনাবাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

সূত্র: সামা টিভি ও ডন

banner

এ জাতীয় আরো সংবাদ