অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই বিশেষ ক্ষমতা কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার বিধান অনুযায়ী এ ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় বর্ণিত অপরাধ ও পরিস্থিতির ক্ষেত্রে তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আর/

