অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচারকার্য দ্রুত ও ত্বরান্বিত করার লক্ষে দেশের ৬৪ জেলায় যৌথভাবে ক্যাম্পেইন ও গণশুনানি আয়োজনের বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর জানান, বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, পঙ্গুত্ববরণকারী এবং আহত ব্যক্তিদের এই গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, “আমরা যখন যে জেলায় যাব, সেখানে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাবো। বিগত স্বৈরাচারী আমলে যারা ক্রসফায়ার, গুম ও অন্যান্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা নানামুখী নির্যাতনের মুখোমুখি হয়েছেন— তারা যেন আমাদের এই ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সঠিক তথ্য দিয়ে বিচার প্রক্রিয়াকে সহায়তা করেন।”

