মাদ্রাসা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সিলেবাস সংকুচিত করে স্কুল বানানোর পাঁয়তারা: ডা. শফিকুর রহমান

রাজধানীতে কোরআন উৎসবের মঞ্চ থেকে হুংকার দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, লুণ্ঠনকারীরাই দেশটাকে নিজেদের কৃষিক্ষেত্র মনে করে; মাদ্রাসাশিক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

by ABDUR RAHMAN
মাদ্রাসা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে নানা ধরনের অবহেলা, অবজ্ঞা ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি আলিয়া মাদ্রাসাগুলোকে ভূতুড়ে মরুভূমিতে পরিণত করা হয়েছে এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থাও বেশ শোচনীয়। পরিকল্পিতভাবে সিলেবাস সংকুচিত করে কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসা নিয়ে চক্রান্তকারীদের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তারা কি আমাজনের জঙ্গল থেকে এসেছে? না, এ দেশের মানুষেরাই, সন্তানেরাই এসব করছে। তারা যখন মাদ্রাসার কোনো অনুষ্ঠানে যান, তখন নিজেদের সর্বোত্তম মুমিন মনে করেন; কিন্তু পলিসি নির্ধারণের সময় তার উল্টোটা দেখা যায়।’

ষড়যন্ত্রকারীদের আসল উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘তারা চায় না সমাজটা সুন্দর হোক। তারা চায় কিছু লুটেরা তৈরি হোক, যারা দেশটাকে লুটেপুটে খাবে, চুরি করবে, চাঁদাবাজি ও দখলবাণিজ্য চালাবে এবং বিদেশে টাকা পাচার করবে। এ দেশের মানুষকে তারা নিজেদের প্রজা এবং দেশকে রুজি-রোজগারের কৃষিক্ষেত্র মনে করে।’ সমাজের এই শেকড় গেড়ে বসা মানসিকতা বদলাতে কোরআনের শাসন ও চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মাদ্রাসাশিক্ষা নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে সিভিল প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা ও কূটনীতিসহ সব ক্ষেত্রে প্রতিযোগিতায় নিজেদের মুন্সিয়ানা দেখাচ্ছেন। নৈতিক ও ধর্মীয় শিক্ষার কারণেই এখানকার শিক্ষার্থীরা মেধাবী হওয়ার পাশাপাশি সত্যিকারের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠছেন বলে মন্তব্য করেন তিনি। তাই মাদ্রাসাশিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, অধ্যাপক কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

banner

এ জাতীয় আরো সংবাদ