নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা শীর্ষক বিশেষ সেমিনার। কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এ আয়োজন করছে TALENT FORGE।
আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর ডিসিসি হল, পুরানা পল্টন, ঢাকায় সেমিনারটি অনুষ্ঠিত হবে।
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা সেমিনারে পড়াশোনা শেষে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ, উচ্চশিক্ষার সম্ভাবনা, ক্যারিয়ার নির্বাচনের পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের মতে, কওমি শিক্ষার্থীদের শিক্ষাজীবন শুধু দ্বীনি জ্ঞান অর্জনের সময় নয়; একই সঙ্গে সমাজ ও জাতির জন্য অবদান রাখার প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ সময়। তবে পড়াশোনা শেষে কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়, নিজেদের যোগ্যতা কীভাবে কাজে লাগানো যায় এবং উচ্চশিক্ষার জন্য কী কী সুযোগ রয়েছে—এসব বিষয়ে অনেক শিক্ষার্থী দিকনির্দেশনার প্রয়োজন অনুভব করেন।
এই বাস্তবতাকে সামনে রেখে সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্রগুলো তুলে ধরা, উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে আলোচনা করাই সেমিনারের অন্যতম উদ্দেশ্য।
সেমিনারে আলোচক হিসেবে থাকবেন মাওলানা ইয়াহিয়া ইউসুফ নদভী, মাওলানা এহসানুল হক, মুহাম্মাদ আব্দুল আজিজ, মাওলানা ইফতেখার জামিল, মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান সাগর।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে কওমি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ও বাস্তবভিত্তিক আলোচনা তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা, আগ্রহ ও সম্ভাবনাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ পাবেন।
সেমিনারে অনলাইনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি সীমিতসংখ্যক শিক্ষার্থী সরাসরি ভেন্যুতে উপস্থিত থেকে সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সেমিনার সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করা যাবে talentforgebd.blogspot.com ওয়েবসাইটে।
সেমিনারের মূল বার্তা— ইলমের আলো, দক্ষতার শক্তি—বিনির্মাণের পথে নতুন প্রজন্ম।

