আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
অস্ট্রিয়ায় নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে হিজাব ও ধর্মীয় মাথা ঢাকার পোশাক পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারির একটি আইন কার্যকর করা হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
দেশের রাজনৈতিক দল—ওভিপি, এসপিও এবং নিওস-এর সমন্বয়ে গঠিত জোট সরকার আইনটি পাস করেছে। সরকারের মতে, এই পদক্ষেপ লিঙ্গসমতা নিশ্চিত করবে এবং শৈশব থেকেই তরুণীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। অস্ট্রিয়ার সামাজিক সম্প্রীতি মন্ত্রী ক্লাউডিয়া বাউয়ার হিজাবকে ‘নিপীড়নের চিহ্ন’ এবং শৈশব থেকে মেয়েদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপায় হিসেবে উল্লেখ করেছেন।
নতুন আইন বাস্তবায়নে ধাপে ধাপে কড়া পদক্ষেপ নেওয়ার বিধান রাখা হয়েছে। কোনো শিক্ষার্থী স্কুলে হিজাব পরে এলে প্রথমে শিক্ষক ও অভিভাবকের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। বারবার নিয়ম ভঙ্গ করলে বিষয়টি শিশু সুরক্ষা বিভাগে জানানো হবে এবং শেষ ধাপে অভিভাবকদের সর্বোচ্চ ৮০০ ইউরো (প্রায় ১ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।
অস্ট্রিয়ার প্রাতিষ্ঠানিক ইসলামী সম্প্রদায় সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি আইনটিকে মৌলিক ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ এবং বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি সহায়তা দিয়ে দেশটির সাংবিধানিক আদালতে সরকারের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিয়েছে তারা।
এর আগে ২০২০ খ্রিষ্টাব্দেও অস্ট্রিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করে একটি আইন করা হয়েছিল। তবে সে সময় দেশটির সাংবিধানিক আদালত আইনটিকে রাষ্ট্রের ধর্মীয় নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দিয়ে বাতিল ঘোষণা করেন। মানবাধিকার কর্মীদের ধারণা, নতুন আইনটিও একইভাবে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে।
সরকারের এই আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অস্ট্রিয়ার রাজনীতিতে। গ্রিন পার্টির নেতা সিগি মাউরার অভিযোগ করেছেন, এমন সিদ্ধান্ত শিক্ষকদের ওপর অতিরিক্ত প্রশাসনিক চাপ বাড়িয়ে স্কুলেই নতুন সংঘাতের জন্ম দেবে। অন্যদিকে উগ্র-ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) এই আইনকে অপ্রতুল দাবি করে শিক্ষার্থী ও শিক্ষক সবার জন্যই মাথা ও মুখ ঢাকা পোশাক স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
এদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার সম্প্রতি ‘রাজনৈতিক ইসলাম’ নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠানে স্পষ্ট ধর্মীয় প্রতীক পরার ওপর সাধারণ নিষেধাজ্ঞা থাকলেও, অস্ট্রিয়ার নতুন আইনটি বিশেষভাবে মুসলিম মেয়েদের হিজাবকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে সামাজিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সূত্র: বিবিসি
আর/

