নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনরোষ তৈরি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় লংমার্চ প্রসঙ্গে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ওই কর্মসূচিতে যে জনজোয়ার সৃষ্টি হবে, তা উপেক্ষা করার সুযোগ সরকারের থাকবে না।
তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং শিল্প-কলকারখানা বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণে জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গণভোটের রায় উপেক্ষা করা সরকারের জন্য একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত হবে।
সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কারের মধ্যে পার্থক্য সম্পর্কে জনগণ সচেতন বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের মহাসচিব। তার ভাষায়, সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়ার কোনো চেষ্টা করা উচিত নয়। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সভায় আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণসংযোগ এবং প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল মুসা, মাওলানা ফয়সাল আহমদসহ কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক ও মাওলানা আব্দুল কাদের সিরাজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীসহ মহানগরীর নির্বাহী সদস্য ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা সভায় অংশ নেন।
সভা থেকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং কর্মসূচির পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

