আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
নেপালে ভয়াবহ বন্যার মধ্যে আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে টানা তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার (৩০ আগস্ট) সুড়ঙ্গের ওপরের অংশে গর্ত করতে সক্ষম হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নেপালি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় সাত মিটার চওড়া সুড়ঙ্গটির বড় একটি অংশ পানিতে তলিয়ে রয়েছে। এ কারণে আটকে পড়াদের কাছে দ্রুত পৌঁছাতে সুড়ঙ্গের প্রবেশপথ আরও প্রশস্ত করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
সুড়ঙ্গটিতে ঠিক কতজন আটকা পড়েছেন, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নেপালি সেনাবাহিনীর আশঙ্কা, সেখানে অন্তত ৩৫ জন আটকে থাকতে পারেন। তবে নেপাল পুলিশের হিসাবে এই সংখ্যা প্রায় ২০০ হতে পারে।
উদ্ধারকারীরা সুড়ঙ্গের ওপরের অংশ দিয়ে ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। এ জন্য একটি গর্ত তৈরি করার পর ভেতরে থাকা ব্যক্তিদের সাড়া দেওয়ার আহ্বান জানানো হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পানির উচ্চতা এবং সুড়ঙ্গের ভেতরের পরিস্থিতি উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে ভারত ও চীনের বিশেষজ্ঞ দল দেশটিতে পৌঁছেছে। আধুনিক উদ্ধার সরঞ্জাম নিয়ে তারা বিভিন্ন এলাকায় কাজ করছে।
নেপালি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত অন্যান্য এলাকা থেকে ভারত ও চীনের নাগরিকসহ চার শতাধিক মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে আপার ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়াদের উদ্ধারে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। উদ্ধারকারীরা সুড়ঙ্গের প্রবেশমুখ আরও বড় করে পানির বাধা কাটিয়ে ভেতরে প্রবেশের পথ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আর/

