অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়ন ও ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেন জোটের নেতাকর্মীরা। ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
পদযাত্রা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ গুমের ঘটনা প্রতিরোধ, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পর হাসিনুর রহমান বলেন, তারা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন। তাদের পক্ষ থেকে সবগুলো বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং স্পিকার বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তার ভাষ্য অনুযায়ী, স্পিকার দাবিগুলোর সঙ্গে কোনো দ্বিমত করেননি এবং সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে গুম প্রতিরোধে আইন প্রণয়নের বিষয়টি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে। ৩ আগস্ট মন্ত্রিসভা ‘Prevention and Remedies for Enforced Disappearance Act, 2026’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত আইনে জোরপূর্বক গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোও গুমের ঘটনায় জবাবদিহি, ভুক্তভোগী ও পরিবারের জন্য প্রতিকার এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর আইনি কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠনও গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, ঘটনার তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আর/

