মেহেরপুর সীমান্তে বাংলাদেশি কৃষককে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

বিজিবি ও বিএসএফের মধ্যে মধ্যাহ্নকালীন পতাকা বৈঠকের প্রস্তুতি; সীমান্তবাসীকে নোম্যান্সল্যান্ডে সতর্ক থাকার পরামর্শ ৬ বিজিবি অধিনায়কের।

by ABDUR RAHMAN
মেহেরপুর সীমান্তে বাংলাদেশি কৃষককে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪/৩-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার তেহট্ট থানা এলাকার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

খবরটি ছড়িয়ে পড়লে মান্নানের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে তাঁরা সীমান্ত ঘেঁষা এলাকায় কাজ করতে আসা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন—নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)। আটক করার পর এলাকাবাসী তাঁদের দ্রুত স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।

ঘটনাটি নিশ্চিত করে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং উভয় পক্ষের নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে দুপুরে এক আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের নাগরিক আব্দুল মান্নানকে সসম্মানে ফেরত আনা সম্ভব হবে এবং একই সাথে বিজিবির হেফাজতে থাকা দুই ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।”

একই সাথে সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের আন্তর্জাতিক সীমানা বা নোম্যান্সল্যান্ডে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

banner

এ জাতীয় আরো সংবাদ