নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল, আলেম, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। এ সময় নবাগতরা আল্লামা মামুনুল হকের হাতে যোগদানের ফরম পূরণ করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নর্থ ওয়েস্টার্ন কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আলেম মাওলানা সাইফুর রহমান, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক মাওলানা সালমান সাকী, মাওলানা মিজানুর রহমান জামালপুরী, মাওলানা জামিল আহমদ এবং মাওলানা রফিকুল ইসলাম রংপুরী।
এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক ও মনিপুর বাইতুল আতিক মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং সমাজসেবক মাহমুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও কয়েকজন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানানো হয়। একই সঙ্গে দলের পক্ষ থেকে তাদের দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই যোগদানের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছেন।

