অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শুক্রবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।
জুমা বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারকে জনগণের অর্থে পরিচালিত একটি ট্রাস্টের মাধ্যমে জনসাধারণের প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে শহীদ উসমান হাদি সেই উদ্যোগ সম্পন্ন করে যেতে পারেননি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানটির দাবি জানালে দায়িত্ব তাদের কাছে হস্তান্তর করাকেই তিনি উপযুক্ত মনে করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার, কুৎসা এবং সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর বিষয়টিও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। একই সঙ্গে তিনি বলেন, শহীদ উসমান হাদির সম্মান রক্ষা করাকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, তাদের কাছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানই মূল বিষয় নয়; বরং বিপ্লব ও আদর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, তারা এখনো তাদের মূল সংগঠন ইনকিলাব মঞ্চে দায়িত্বশীল অবস্থানে রয়েছেন এবং সেখান থেকেই ভবিষ্যতের কার্যক্রম ও আন্দোলন চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে শহীদ উসমান হাদি কিংবা তাদের আদর্শিক সংগ্রাম থেকে সরে আসা নয়। ভিন্ন প্ল্যাটফর্ম ও উপায়ে সেই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও মতবিরোধ দেখা যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকানা, পরিচালনা ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্কও প্রকাশ্যে আসে। এ প্রেক্ষাপটে ফাতিমা তাসনিম জুমার দায়িত্ব ছাড়ার ঘোষণা নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।
আর/

