গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, বিকেল ৪টা থেকে ১৪৪ ধারা জারি

উত্তেজনা এড়াতে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ

by ABDUR RAHMAN
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী উত্তেজনা এড়াতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, স্লোগান, লাঠি বা অস্ত্র বহন এবং শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় জুনদহ বাজার এলাকায় দুই রাজনৈতিক পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৯ থেকে ১৩ জন আহত হন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের নেতাকর্মীরা একত্র হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। বর্তমানে পলাশবাড়ী চৌমাথা ও আশপাশের এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

অন্যদিকে, একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। ফলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ