অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়া শেষে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে দেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসতে দেওয়া হবে না। এ ধরনের কোনো চেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের আপস হবে না এবং যারা দলটিকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন চলবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সময় পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
আর/

