অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রংপুরকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর আলোচিত বক্তব্যের প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বার্থ, আঞ্চলিক মর্যাদা ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকদের ভাষ্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং রংপুর নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার গঙ্গাচড়া জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনের আগে ও পরে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শামসুদ্দিন আহমেদ। তিনি নিজের বক্তব্যে ফিলিস্তিনের প্রসঙ্গ টেনে এনে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তার দাবি, দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীকে রংপুরের বাস্তবতা সরেজমিনে দেখে যাওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখা মুফতি মাওলানা আমান উল্লাহ বলেন, রংপুর নিয়ে কোনো ধরনের দখলের চিন্তা বাস্তবসম্মত নয়। তার ভাষ্য, এ অঞ্চলের মানুষ নিজেদের ভূমি, ইতিহাস ও দেশের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রয়োজন হলে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে।
এ সময় সাহেব আলী নামে আরেক বক্তা গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন একটি রাম মন্দিরের বিষয় উল্লেখ করে এর প্রতিবাদ জানান এবং এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আবারও একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গঙ্গাচড়া জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের দাবি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে জনগণের সচেতনতা বাড়াতেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আর/

