নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদপুর জোনের উদ্যোগে দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক রাহমানী ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিবসহ ঢাকা মহানগর উত্তরের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাওলানা মাহবুবুল হক, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা মুরশিদ সিদ্দিকী, মাওলানা এহসানুল হক, মাওলানা কামালুদ্দিন ফারুকী, মাওলানা আব্দুল্লাহ নাটোরী, এইচ. এম. খোকন এবং মাওলানা মাসরুরুল হকসহ আরও অনেকে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন। তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে নবাগত সদস্যদের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় আগামী ১০ জুলাই “সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ” সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তারা আমীরে মজলিসের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যুক্ত হন।

অনুষ্ঠানের শেষে আমীরে মজলিস নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

