ফরিদগঞ্জে লাইনম্যানকে মারধর করে অপহরণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সাবস্টেশনে হামলার পর পিকআপে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার

by ABDUR RAHMAN
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইনম্যানকে মারধর করে অপহরণ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানকে দিনদুপুরে মারধর করে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

বিজ্ঞাপন
banner

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ফরিদগঞ্জ সাব-স্টেশনে প্রবেশ করে। সেখানে দায়িত্ব পালনরত লাইনম্যান আবদুল কাদিরের ওপর তারা অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে মারধর করতে করতে সাব-স্টেশন থেকে সড়কে নিয়ে আসে এবং পরে একটি পিকআপে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেক লাইনম্যান ইব্রাহিম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

অভিযোগ অনুযায়ী, অপহরণের পর আবদুল কাদিরকে ভাটিয়ালপুর চৌরাস্তা হয়ে ধানুয়া বাজার অতিক্রম করে পূর্ব ধানুয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে আবারও শারীরিকভাবে নির্যাতন করা হয়।

ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ অফিসের কর্মকর্তারা দ্রুত অভিযান শুরু করেন। পরে ডেপুটি জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম, এজিএম (কম) নাজির উল্যাহ এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাত কিলোমিটার দূরে পূর্ব ধানুয়া এলাকা থেকে অপহৃত লাইনম্যানকে উদ্ধার করা হয়।

চাঁদপুর-২ জোনাল অফিসের ম্যানেজার মোহাম্মদ আতিকুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, বিষয়টি বর্তমানে উর্ধ্বতন কর্তৃপক্ষের অধীনে রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত অফিস থেকেই জানানো হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, এ ঘটনায় ৩–৪ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ