অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে। এগুলো হলো রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় এবং একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এই তিনটি লক্ষ্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এসব বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে না পারলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা কঠিন হবে।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আগামীতেও নতুন সংগ্রাম প্রয়োজন হবে।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো সরকার যদি বিদেশি আধিপত্যবাদ বা প্রভাবের কাছে নতি স্বীকার করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক দলের নেতারা। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ এবং রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।
এর আগে সকালে খুলনায় পৌঁছালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সার্কিট হাউজে স্বাগত জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আর/

