অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) এবং তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬)-কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার দুপুরে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
পরে তল্লাশিতে মো. মামুনের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে এবং মো. আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।
এ ঘটনায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানিয়েছেন, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন, যা এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি।
আর/

