অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী এলাকার বাসিন্দা এবং মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে বিকেলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর শুরু করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আহত অবস্থায় হিরুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, হিরু পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। শাহবাগ থানার তত্ত্বাবধানে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা করা হবে। নিহতের স্বজনরা মরদেহ দাফনের পর থানায় এলে মামলাটি গ্রহণ করা হবে।
আর/

