ইতালির বাজারে বাড়ছে বাংলাদেশের পণ্যের চাহিদা, বাণিজ্য সম্প্রসারণে নতুন আগ্রহ

তৈরি পোশাক, খাদ্যপণ্য ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ; প্রযুক্তি ও অভিবাসন সহযোগিতাও জোরদারের আশাবাদ

by ABDUR RAHMAN
ইতালির বাজারে বাড়ছে বাংলাদেশের পণ্যের চাহিদা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতি ইতালির ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।

বিজ্ঞাপন
banner

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনাও তুলে ধরা হয়।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। পাশাপাশি নিরাপদ খাদ্যপণ্য ও মানসম্মত চামড়াজাত পণ্যের ক্ষেত্রেও ইতালির বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ইতালির ব্যবসায়ীদের আগ্রহ বাড়িয়েছে।

বৈঠকে ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি ও শিল্পকারখানায় ব্যবহৃত উন্নত যন্ত্রপাতি আমদানির আহ্বান জানানো হয়। এতে বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা আরও বাড়বে বলে মত দেওয়া হয়।

দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে ইতালির জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর সফর এবং প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও কথা হয়। উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া নিরাপদ, নিয়মিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা সহজ করতে বাংলাদেশ ও ইতালির চলমান সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বৈধ পথে কর্মী পাঠানো এবং দক্ষ জনশক্তি বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাণিজ্য, সংস্কৃতি, ক্রীড়া, প্রযুক্তি, সামরিক সহযোগিতা ও অভিবাসন খাতে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ