বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সিদ্ধান্ত; অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত অবকাঠামো জোরদারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

by ABDUR RAHMAN
বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজ্ঞাপন
banner

সোমবার (১১ মে) নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ভূমি ও রাজস্বসচিব এবং মুখ্যসচিবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তার ভাষ্য, “রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, আগের সরকার সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের কাজে নানা ধরনের বাধা সৃষ্টি করেছিল। তবে বর্তমান সরকার বিএসএফ যতটুকু জমি প্রয়োজন মনে করবে, তা দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার, যা পুরো সীমান্তের অর্ধেকেরও বেশি। দীর্ঘদিন ধরেই এই সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সীমান্তে জমি হস্তান্তরে অনীহার অভিযোগ তুলেছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারের বৈঠককে কেন্দ্র করে নবান্ন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো এলাকা পরিদর্শন করেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে উত্তর প্রদেশেও পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ