সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতের উচিত বাংলাদেশকে অনুসরণ করা — মাওলানা জালালুদ্দীন আহমদ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ

by ABDUR RAHMAN
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভারতকে বাংলাদেশ অনুসরণের আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির নেতারা দাবি করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের উচিত বাংলাদেশের উদাহরণ অনুসরণ করা।

রোববার (১০ মে) বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের নাগরিক অধিকার হরণ, মসজিদ-মাদরাসায় হামলা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা উদ্বেগজনক। এসব কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় মুসলিম বিশ্ব গভীর উদ্বেগে রয়েছে। তিনি অবিলম্বে মুসলিম নিপীড়ন বন্ধ এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ একটি উদাহরণ। দেশের আলেম-উলামা ও সাধারণ মানুষ সংখ্যালঘুদের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনীতি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সেখানে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ ধরনের মানসিকতা গণতন্ত্র ও ধর্মীয় সহনশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকারেরও সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনাকে কেবল অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলে চলবে না। এ বিষয়ে সরকারের আরও সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

banner

এ জাতীয় আরো সংবাদ