দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউক্যাসলে নিজ গাড়িতে থাকা অবস্থায় হামলা; দেশে রেখে গেছেন স্ত্রী ও দুই বছরের সন্তান

by ABDUR RAHMAN
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত সুমন (৩৫) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের বাসিন্দা এবং মইজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন
banner

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

প্রায় তিন বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন সুমন। তার ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আকস্মিক এ মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম শুরু হয়।

নিহতের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড় দেখা গেছে। এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ