অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮)।
তিনি রুশ সেনাবাহিনীর নিয়মিত সদস্য হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
পরিবারের দাবি, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
লিমনের বরাতে জানা যায়, ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। ওই হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। আরও তিনজন আহত হন।
পরিবার জানায়, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবার আগে থেকে জানত না।
ছেলের মৃত্যুর খবরে শোকাহত বাবা আব্দুর রশিদ বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে—এ কথা তারা জানতেন না। জানলে তাকে কখনোই সেখানে যেতে দিতেন না। এখন তারা ছেলের মরদেহের সন্ধানও পাচ্ছেন না বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান।
করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির জানান, পুলিশ ঘটনাটি যাচাই করে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
আর/

