আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
বাহরাইনে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য নিশ্চিত করে। একই সঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে বিষয়টি প্রকাশিত হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ‘বিদেশি গোষ্ঠীর সঙ্গে আঁতাত’ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
একই সময়ে সরকার কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে। বাহরাইন সরকারের দাবি, এসব ব্যক্তি দেশের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইরানকে সমর্থন দিয়েছে এবং রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে।
বাহরাইন সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও কার্যক্রমের বিরুদ্ধে তারা কঠোর অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, ইরান ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বাহরাইন বারবার অভিযোগ করে আসছে যে, ইরান দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
সূত্র: আল-জাজিরা

