অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে ভারত সরকারকে বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে লক্ষ্য করে কোনো ধরনের নির্যাতন না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সফরকালীন বিভিন্ন বৈঠক ও কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন তিনি।
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো দেশে নিরীহ মানুষের ওপর জুলুম হলে তারা তার বিরোধিতা করবেন। তিনি বলেন, “মজলুম যেখানেই থাকুক, আমরা তাদের পক্ষেই থাকব।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে সব ধর্মের মানুষের সমান নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত হওয়া উচিত।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ যেমন প্রতিবেশীদের সম্মান করে, তেমনি বাংলাদেশের প্রতিও সম্মান দেখানো প্রয়োজন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, বর্তমানে রাষ্ট্রযন্ত্র অতিরিক্ত রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে গেছে। দলীয়করণের পরিবর্তে জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নওগাঁ ও চট্টগ্রামের মতো বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীরা পালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই না করে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জাপান থেকে ফেরার পথে তারা থাইল্যান্ডে চিকিৎসাধীন ৬৪ জন ‘জুলাই যোদ্ধার’ খোঁজখবর নিতে যান। আহতদের অনেকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলেও জানান তিনি। কারও শরীরের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে গুরুতর নার্ভ ইনজুরিতে আক্রান্তদের সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি আহতদের পরিবারের জন্য সাইকোথেরাপির ব্যবস্থাও জরুরি বলে মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রবাসীদের সঙ্গে আলোচনায় গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আহত ব্যক্তিরাও জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে তারা আবারও দেশের প্রয়োজনে কাজ করতে চান। তবে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান তারা।
তিনি জানান, গত ২ মে শুরু হওয়া সফরে জাপানে সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সরবরাহ, কুষ্ঠ নির্মূল, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জাপানি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও জাপানি প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি নিজে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করবেন। প্রয়োজনে উৎপাদন পর্যায়েও যাবেন বলে জানান তিনি।
সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে ভালো কাজে সমর্থন থাকবে। তবে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত এলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা প্রতিবাদ ও প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তুলবেন।
প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আর/

