কিশোরগঞ্জে ছাত্রদলের দ্বন্দ্ব প্রকাশ্যে, সড়কে নেমে অবরোধ নেতাকর্মীদের

গৌরাঙ্গ বাজার মোড়ে আধাঘণ্টার অবরোধ কর্মসূচি পালন; ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের কমিটি’ দাবি নেতাকর্মীদের

by ABDUR RAHMAN
কিশোরগঞ্জে ছাত্রদলের দ্বন্দ্ব প্রকাশ্যে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ব্যস্ততম গৌরাঙ্গ বাজার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবরোধের কারণে গৌরাঙ্গ বাজারের তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি। তাদের দাবি, একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং এতে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ আরও অনেক নেতাকর্মী।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, “ঘোষিত কমিটি সম্পূর্ণভাবে সিন্ডিকেটের মাধ্যমে গঠন করা হয়েছে। আমরা এ কমিটি মানি না এবং ভবিষ্যতেও মানব না। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “জেলা বিএনপির অভ্যন্তরে একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কমিটি দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

এদিকে, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ জানান, এটি ছিল সতর্কতামূলক কর্মসূচি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এর পর থেকেই সংগঠনের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর আগে ২০২৫ সালের ১৫ মে ঘোষিত কমিটি মাত্র ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণা হলেও আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ