সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর ছাত্রদল নেতা সোহেল বহিষ্কার

ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ; কেন্দ্রীয় সিদ্ধান্তে সংগঠন থেকে বাদ

by ABDUR RAHMAN
সিরাজগঞ্জে সংগঠন থেকে বহিষ্কার করা ছাত্রদল নেতা সোহেল রানা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন এবং ৭০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ এপ্রিল ব্যবসায়িক আলোচনার জন্য এক ব্যক্তি সিরাজগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে গেলে সেখানে সোহেল রানা ও তার সহযোগীরা তাকে জড়িয়ে অপবাদ দেয় এবং পরে মারধর করে তুলে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে কৌশলে তাকে উদ্ধার করা হলেও চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়িঘরে ভাঙচুরেরও ভয় দেখানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গ্রেফতারের পর রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এছাড়া নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা ছাত্রদলের আরেক নেতাকেও বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ