ভবানীপুরে ভোটগণনা ঘিরে উত্তেজনা, মমতা পৌঁছাতেই ‘চোর চোর’ স্লোগান

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতা-শুভেন্দু; গণনাকেন্দ্রে বাড়ানো হলো কড়া নিরাপত্তা

by ABDUR RAHMAN
মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনাকে ঘিরে সোমবার দুপুরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। লর্ড সিনহা রোডের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্র এলাকায় পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে।

বিজ্ঞাপন
banner

গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের পর পরিস্থিতি আরও তীব্র হয়। তার গাড়ি চত্বরে প্রবেশ করতেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

এর আগে থেকেই ওই এলাকায় উত্তেজনার পারদ বাড়ছিল। গণনাকেন্দ্রের নিকটবর্তী একটি পেট্রল পাম্পে তৃণমূল সমর্থকদের জমায়েত ঘিরে প্রথমে উত্তেজনার সূত্রপাত হয়। পুলিশ ওই জমায়েত সরানোর চেষ্টা করলে বিজেপি সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তৃণমূলের অস্থায়ী শিবিরে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতির কথাও জানা গেছে।

মুখ্যমন্ত্রীর আগমনের পর বিক্ষোভ আরও বাড়লে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। গণনাকেন্দ্র এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

অন্যদিকে, ভোটগণনার ফলাফল নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মোট ২০ রাউন্ডের মধ্যে ১২ রাউন্ড শেষ হওয়া পর্যন্ত কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও শুভেন্দু অধিকারী এগিয়ে থাকছেন—এমন হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এই অবস্থায় নিজের দলের প্রার্থী ও এজেন্টদের ধৈর্য ধরে থাকার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি জানান, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলে চূড়ান্ত ফলাফল স্পষ্ট হবে। সর্বশেষ খবর অনুযায়ী, গণনাকেন্দ্র ঘিরে এখনও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আনন্দবাজার

banner

এ জাতীয় আরো সংবাদ