উত্তর লন্ডন-এ ছুরিকাঘাতে দুই ইহুদি গুরুতর আহত, হামলাকারী গ্রেপ্তার

গোল্ডার্স গ্রিনে আতঙ্ক—ইহুদিদের লক্ষ্য করে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

by ABDUR RAHMAN
উত্তর লন্ডন-এ ছুরিকাঘাতে আহত দুই ইহুদি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

উত্তর লন্ডন-এর গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় দুই ইহুদি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌড়ে বেড়িয়ে ইহুদি সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। ঘটনাটি ঘটে গোল্ডার্স গ্রিন রোডের একটি দোকানের সামনে এবং কাছাকাছি একটি সিনাগগের সামনে।

ইহুদি নিরাপত্তা সংস্থা ‘শোমরিম’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। পরে পুলিশ এসে টেজার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে নেয় এবং গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

আহত দুই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় জরুরি সেবা সংস্থা ‘হাতজোলা’ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক এবং অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্থানীয় সংসদ সদস্য সারাহ স্যাকম্যান ঘটনাটিকে ‘অসহনীয়’ আখ্যা দিয়ে জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করবেন। তার মতে, ইহুদিদের ওপর হামলা পুরো ব্রিটেনের ওপর আঘাতের শামিল।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং ইহুদি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক হামলার সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত মাসেও একই এলাকায় একটি জরুরি সেবা সংস্থার অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ