নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
দেশের ৮ বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিমানবন্দরগুলো সবসময়ই নিরাপত্তা বলয়ে থাকে। তবে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত কার্যক্রমের অংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার উভয় ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না, সেগুলোতেও রাতের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠিতে এই সতর্কতার কথা জানানো হয়।
গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং তারা বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

