অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বহিরাগত নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ঘটে আগের দিন চারুকলা এলাকায় এক শিক্ষার্থী ও তার বান্ধবীকে কেন্দ্র করে। ওই সময় প্রহরীর সঙ্গে বাকবিতণ্ডার পর বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে অভিযোগ রয়েছে, সেই ঘটনার জের ধরে রাতে ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আক্তার জানান, প্যারিস রোড এলাকায় হঠাৎ উত্তেজিত অবস্থায় কিছু লোক দৌড়ে আসে এবং পরে ধাক্কাধাক্কির পর মারামারি শুরু হয়।
ভুক্তভোগী হাসান অভিযোগ করে বলেন, তাকে আগে থেকেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। পরে চায়ের দোকানে বসে থাকার সময় বহিরাগতদের নিয়ে এসে ছুরিকাঘাত করা হয় এবং তার সঙ্গে থাকা অন্যদেরও আঘাত করা হয়। তিনি আরও দাবি করেন, এর আগেও অভিযুক্ত পক্ষ প্রক্টরকে হুমকি দিয়েছিল।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব। তিনি বলেন, তিনি অসুস্থ ছিলেন এবং ক্যাম্পাসে ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আগের দিনের ঘটনা প্রশাসনিকভাবে সমাধান করা হয়েছিল। তবে নতুন করে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের ছাড় দেওয়া হবে না।
আর/

