অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। তিনি একজন দক্ষ পেশাজীবী, শিক্ষাবিদ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
১৯৮৪ সালে ঢাকার সাভারে একটি রাজনৈতিক সচেতন ও আদর্শিক পরিবারে জন্মগ্রহণ করেন মাহবুবা হাকিম। শৈশব থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধে বেড়ে ওঠেন তিনি।
শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এছাড়া অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তিও অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTEX) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি দেশের স্বনামধন্য কয়েকটি টেক্সটাইল প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশেষ করে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তাঁর দক্ষতা সুপরিচিত।
বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার মাধ্যমে কুরআনের খিদমতে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
ছাত্রজীবনে তিনি সেরা আবৃত্তিকার, বিতার্কিক ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তাঁর স্বামী ডা. আউলাদ হোসাইন একজন প্রখ্যাত মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক।
পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমকে সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

