মাদারীপুরে এসএসসি ফরম পূরণের টাকা নিয়েও প্রবেশপত্র নেই, বিপাকে ২০ শিক্ষার্থী

টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিক্ষোভ, তদন্তে প্রশাসন

by ABDUR RAHMAN
মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণের টাকা দেওয়ার পরও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বিপাকে পড়েছেন ২০ শিক্ষার্থী। এতে তাদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূরে আলম তাদের ফরম পূরণের আশ্বাস দেন। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা করে নেওয়া হলেও সেই টাকা ব্যাংকে জমা দেওয়া হয়নি এবং প্রবেশপত্রও আসেনি।

শিক্ষার্থীরা জানান, রোববার প্রবেশপত্র নিতে গেলে তারা জানতে পারেন তাদের কোনো প্রবেশপত্র আসেনি। এতে তাদের এক বছরের শিক্ষাজীবন ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মচারী বর্তমানে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান খান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত এবং পাঁচ দিনের মধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ