আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব সরকার পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নতুন বিধিনিষেধ জারি করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, বৈধ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘অনুমতি ছাড়া হজ নয়’ স্লোগানে এবার হজ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন রাখাই মূল লক্ষ্য।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেবল সেইসব প্রবাসীরা মক্কায় প্রবেশের অনুমতি পাবেন যাদের কাছে মক্কার ইস্যু করা বৈধ ইকামা, হজের বিশেষ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতিপত্র রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র না থাকলে প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।
এছাড়া, উমরাহ ভিসায় আগত বিদেশি যাত্রীদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) দেশত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পারমিট প্রদান স্থগিত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ১৮ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ভিসাধারীর মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ থাকবে। ডিজিটাল সেবা সহজ করতে ‘আবশির’ ও ‘মুকিম’ প্ল্যাটফর্মের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সূত্র: সৌদি গেজেট

