অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার আন্দোলনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। তিনি বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও সবাই একই জায়গায় থাকলেও দেশকে পরিবর্তনের জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে ১১ দলীয় জোটের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার কখনো ‘জুলাই যোদ্ধা’, কখনো ‘একাত্তর’-এর নাম ব্যবহার করে তাদের বিভিন্ন সিদ্ধান্তের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তবে তার মতে, সরকার বাস্তবে ১৯৭১ ও ২০২৪—কোনোটিকেই ধারণ করে না।
তিনি আরও বলেন, সরকার সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে এবং এখন গণআন্দোলন ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তার ভাষায়, এবার আর ব্যর্থ বা অর্ধেক সফল হওয়া যাবে না; পরিকল্পনা অনুযায়ী রাজপথে নামতে হবে।
নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশ পেছনের দিকে যাচ্ছে এবং তারা অতীতের গণআন্দোলনের সুফল ভোগ করেছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ও অধ্যাদেশ প্রত্যাখ্যানের মাধ্যমে তারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
আর/

