দেশব্যাপী হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্যখাতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশেও একই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো।”
এতে আরও উল্লেখ করা হয়, আপদকালীন এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে।
সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে অভিভাবকদের ভিড়ও বেড়েছে।
এ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতেই স্বাস্থ্য অধিদপ্তর এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
আর/

