‘ছয় মাসে সরকার পুরোপুরি ব্যর্থ, শিগগিরই ঢাকা চলোর ডাক আসছে’: লংমার্চে নাহিদ ইসলাম

গ্যাস-বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগের অভিযোগে সরকারের ওপর মানুষ চরম বিরক্ত; ২০২৪-এর ৫ আগস্টের মতো আবারও রাজধানী ঘেরাওয়ের ইঙ্গিত এনসিপি আহ্বায়কের

by ABDUR RAHMAN
শিগগিরই ঢাকা চলোর ডাক আসছে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বর্তমান প্রশাসন রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) ৬ দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কুমিল্লার পদুয়ার বাজারে পৌঁছালে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

পথসভায় জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, রাজপথে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন ও সাড়া মিলছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের গাড়ি থামিয়ে কুশল বিনিময় করছেন এবং দৈনন্দিন জীবনের নানা দুঃখ-কষ্টের কথা তুলে ধরছেন। বর্তমানে দেশের ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের তীব্র সংকট চলছে এবং বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়ে দিশেহারা।

সরকারের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর গত ছয় মাসে সরকার নিজেদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি। দেশ পরিচালনায় বর্তমান সরকারের এই ব্যর্থতার কারণে আমজনতা তাদের ওপর চরম বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে উঠেছে।

জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনে ১১ দলীয় জোট এই ৬ দফা কর্মসূচি শুরু করেছে। কুমিল্লায় লংমার্চের এই অভূতপূর্ব সাফল্যের পর শিগগিরই সরাসরি রাজধানী ঢাকামুখী বড় কর্মসূচির ডাক দেওয়া হবে।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনে আবারও আমরা রাজপথে নামব। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় এসেছিল, ঠিক একইভাবে আবারও ঢাকায় আসার জন্য প্রস্তুত থাকুন।” তার এই বক্তব্যের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকাকেন্দ্রিক নতুন ও কঠোর রাজনৈতিক কর্মসূচির স্পষ্ট ইঙ্গিত মিলল।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ