র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিল সংসদে, তীব্র প্রতিবাদ বিরোধী দলের

নতুন নাম ও নতুন মোড়কে পুরনো র‍্যাবকেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে— অভিযোগ বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলামের; বিলটি পাঠানো হলো সংসদীয় কমিটিতে।

by ABDUR RAHMAN
র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। তবে বিরোধী দলের তুমুল আপত্তির মুখেই প্রস্তাবিত এই আইনটি সংসদে পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন-২০২৬’ বিলটি উত্থাপিত হয়। পরবর্তীতে এটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিল উত্থাপনের কঠোর বিরোধিতা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান র‍্যাবের জনবল দিয়েই যদি নতুন নামে এসআরবি প্রতিষ্ঠা করা হয়, তবে এটি মূলত পুরোনো বাহিনীরই নতুন মোড়ক ছাড়া আর কিছুই হবে না। এটি প্রকৃত সংস্কার না করে র‍্যাবকে পুনর্গঠন করার একটি প্রয়াস বলে তিনি দাবি করেন।

প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়েছে, দেশে অপরাধের পরিবর্তিত ধরন, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় একটি আধুনিক, দক্ষ ও মানবাধিকারবান্ধব বাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঢাকাভিত্তিক এই বিশেষায়িত ইউনিটের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি বা তদূর্ধ্ব পদমর্যাদার একজন মহাপরিচালক (ডিজি)। বাহিনীর সদস্যদের কোনো অপরাধীকে গ্রেপ্তার বা আলামত জব্দের পর নিজেদের হেফাজতে রাখার সুযোগ থাকবে না; অনতিবিলম্বে তা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে।

একই দিনে অধিবেশনে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬’ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬’ নামে আরও একটি বিল সংসদে পেশ করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ