মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করার দাবি করেছে ইরান-ভিত্তিক ‘হানদালা হ্যাক টিম’। হ্যাকাররা প্যাটেলের কিছু ছবি ও জীবনবৃত্তান্তও অনলাইনে প্রকাশ করেছে।
রয়টার্স জানায়, হ্যাকারদের প্রকাশ করা ইমেইলগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। পর্যালোচনায় দেখা গেছে, এই তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের মিশ্রণ রয়েছে।
মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি। এফবিআইও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হ্যাকাররাও যোগাযোগের জবাব দেয়নি।
হানদালা গ্রুপের সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ম্যালওয়্যার হামলা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৯০ জনের সংবেদনশীল তথ্য অনলাইনে ফাঁস করা। এফবিআই প্রধানের ইমেইল হ্যাক করা সর্বশেষ ঘটনা।
বিশ্লেষকরা মনে করছেন, চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে এই সাইবার হামলা মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ওপর চাপ বৃদ্ধি করতে পারে।
সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট

