অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পেনকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়ার কথা জানান।
ট্রাম্প বলেন, ন্যাটোতে স্পেন একটি দুর্বল অংশীদার। তার অভিযোগ, দেশটি জোটে প্রয়োজনীয় অংশগ্রহণ ও আর্থিক অবদান রাখছে না। তিনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারিকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করেন।
এই বিরোধের মূল কারণ ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়। ট্রাম্পের চাপে অধিকাংশ সদস্য দেশ ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে সম্মত হলেও স্পেন এ বিষয়ে আপত্তি জানায়। এছাড়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং সেই সম্পর্ক পরিবর্তনের কোনো ইচ্ছা নেই। ট্রাম্পের মন্তব্যকে তারা ‘স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ’ হিসেবে দেখছে। একই সঙ্গে স্পেন স্মরণ করিয়ে দেয় যে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় বাণিজ্যনীতি মূলত ইইউ পর্যায়েই পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরান প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে আর কোনো সমঝোতার সম্ভাবনা দেখছেন না।
সূত্র: আল জাজিরা, রয়টার্স।

