পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ-এ নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (২০ মার্চ) নামাজ পড়তে গেলে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা ও আনাদোলু এজেন্সি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদে প্রবেশে বাধার মুখে পড়ে অনেক মুসল্লি আশপাশের সড়কেই নামাজ আদায় করতে যান। তবে সেখানেও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় এবং অন্তত একজনকে আটক করা হয়েছে। জেরুজালেমের পুরান শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড বসানো হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে ধর্মীয় স্বাধীনতার সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।
১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম আল-আকসা মসজিদে ঈদের নামাজ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদে কেবল অল্পসংখ্যক ওয়াকফ কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, ফলে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় থেকে বঞ্চিত হন।
একই পরিস্থিতি দেখা গেছে ইব্রাহিমি মসজিদ-এও। সেখানে হাজার হাজার মানুষকে প্রবেশে বাধা দেওয়া হয় এবং মাত্র অল্প কয়েকজনকে অনুমতি দেওয়া হয়। টানা প্রায় ২১ দিন ধরে আল-আকসা বন্ধ থাকায় ঈদের দিনেও মুসল্লিদের ভোগান্তি চরমে পৌঁছায়।
আর/

